দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এসময় তাকে অভ্যর্থনা জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা।
রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারে সাবেক প্রধান উপদেষ্টার প্রত্যাবর্তনের কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পোস্টে বলা হয়, দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার পর রোববার নিজ কর্মস্থলে ফিরে আসায় প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এরপর তিনি গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক সভায় মিলিত হন।
২০০৬ সালের এই নোবেল শান্তি পুরস্কার বিজয়ী চলতি মাসের শেষ নাগাদ গুলশানে তার নিজের বাসভবনে ফিরে যাওয়ারও পরিকল্পনা করছেন।