শীতের আমেজ কাটিয়ে তাপমাত্রা বাড়ার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকাসহ দেশের ছয় বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির এই প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, সোমবার সারাদেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন ঢাকাসহ ছয় বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে এবং দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির দেখা মিলতে পারে। পরদিনও দমকা হাওয়াসহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে রাজধানীসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। তবে সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হতে পারে; যা গরম থেকে স্বস্তি দেবে।