ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যেসব চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষিত হয়নি বা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা হবে তখনই, যখন তা দেশের বাণিজ্য, অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে। দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করা হবে না। বিদ্যমান চুক্তিগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে তা বহাল রাখা হবে কি না—নিয়ম মেনে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মন্ত্রী বলেন, কোনো চুক্তি বাতিলের প্রয়োজন হলে তা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনে করতে হবে। পর্যালোচনার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে এবং এটি স্বচ্ছতা, জবাবদিহি ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই সম্পন্ন করা হবে।
মোংলা বন্দর নিয়ে শেখ রবিউল আলম বলেন, বন্দরের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে; যা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। সরকার এ সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বন্দরকে আরও গতিশীল করতে চায়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান প্রমুখ।