এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে তাদের ঝুলিতে এসেছে ২১২টি আসন। এর মধ্যে দলটির ৬ জন নারী প্রার্থী বিপুল ভোটে জয় নিশ্চিত করেছেন। এর বাইরে ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
বিএনপির জয়ী নারী প্রার্থীদের মধ্যে আছেন আফরোজা খানম রিতা। মানিকগঞ্জ-৩ আসনের এই প্রার্থীর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সামসুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাঈদ নূর।
এ ছাড়া ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ ও নাটোর-১ আসনে ফারজানা শারমীন পুতুল।