নির্বাচনের পর বাংলাদেশের জনগণ এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভেচ্ছাবার্তা জানায় মার্কিন দূতাবাস।
এতে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯২টির বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৩টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা ৭১টি আসনে জয়ী হয়েছেন। এছাড়াও অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা আটটি আসনে জয় পেয়েছেন।
এদিকে বিজয় উদযাপনে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি।
দলের প্রেস উইং জানিয়েছে, নির্বাচনে নিরুঙ্কুশ বিজয় উপলক্ষে বাদজুমা সারাদেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। আর অন্যান্য ধর্মীয় উপাসানালয়ে হবে প্রার্থনা।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।