ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পরদিন সকালের মধ্যে বেশির ভাগ কেন্দ্রের ফল হাতে চলে আসবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ‘আমরা যত দ্রুত সময় সম্ভব, ভোটের ফল প্রকাশ করার চেষ্টা কবর। ভোটের পরদিন (শুক্রবার) সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল হয়ে যাবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ ইসির অন্যান্য কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণভোট হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট গ্রহণ হবে। কিছুদিন আগে শেরপুর–৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনে ভোট পরে হবে।
ব্রিফিংয়ে সানাউল্লাহ বলেন, সব পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী গত বছরের জুলাইয়ের আদেশের আওতায় ভোটকেন্দ্রে ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা ক্যামেরা ও ফোন ব্যবহার করতে পারবেন না। তারা কেন্দ্রের সবখানে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করতে পারবেন। কেন্দ্রে মোবাইল ও ক্যামেরাও ব্যবহার করতে পারবেন। শুধু ভোট কাস্টিং রুমের কোনো ছবি তারা নিতে পারবেন না।
পোস্টাল ব্যালটে ভোট সংগ্রহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এটি আমাদের দেশে নতুন অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, এবার সব শ্রেণির মানুষের ভোটে সরকার গঠন করা হবে। তার সেই সিদ্ধান্তে আমরা প্রবাসী ও কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের আয়োজন করেছি।’