আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন সোমবার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
সাগর হোসেন এদিন বলেন, ‘গতরাতে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেন। তিনি পাবনা-৫ আসনে তার ভোট দেন। ডাক বিভাগের এক কর্মকর্তা এই ব্যালট নিয়ে যান।’
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) অনুচ্ছেদ ২৭ অনুসারে, রাষ্ট্রপ্রধান পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। ভোটকেন্দ্রে যেতে পারছেন না—এমন চার ধরনের ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে এই বিধান চালু করা হয়।
আগের নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা পাবনায় না যাওয়ার ব্যাখ্যায় রাষ্ট্রপতি বলেছিলেন, ‘আমি যদি বঙ্গভবন থেকে বের হয়ে ওখানে যাই, তাহলে ভোটের দিন আমার ভোটকেন্দ্রসহ পুরো পাবনা জেলায় একটা প্রভাব পড়বে, আমার নিরাপত্তার কারণে। সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে হয়তবা একটু বিড়ম্বনায় পড়বেন, একটু বাধার সম্মুখিন হবেন, হয়ত কিছুক্ষণের জন্য। আমার সচেতন বুদ্ধি বলে, এ ক্ষেত্রে আমার এলাকায় গিয়ে ভোট দেওয়া, সাধারণ ভোটারদের বিঘ্নিত করা আমার উচিৎ হবে না।’
দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে যে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি, তার পদ্ধতি ছিল প্রথাগত। এবারই নির্বাচন কমিশন আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের পদ্ধতি চালু করেছে। এ ক্ষেত্রে অনলাইনে নিবন্ধন সেরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ মিলছে।
নতুন পদ্ধতিতে ইতোমধ্যে কারাগার থেকে ভোট দিয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপিসহ বহু বন্দি। এ ছাড়া আমলা, পুলিশ, নির্বাচনী কর্মকর্তাসহ হাজার হাজার ভোটার ও পাঁচ লক্ষাধিক প্রবাসী এবার পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন রোববার বলেছিলেন, ‘সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা ও সাংবাদিকদের মধ্যে ৪০ জন ভোট দিতে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ২০ জন এখন ভোট দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। অন্যরা নিয়ম অনুযায়ী ভোট দিয়েছেন।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তার আগে পাঁচ লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, যার মধ্যে চার লাখ ৬০ হাজার ব্যালট ডাকযোগে দেশে পোঁছেছে। ইসির ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, সোমবার বেলা ১০টা পর্যন্ত চার লাখ ৬০ হাজার ৪৮০টি পোস্টাল ব্যালট ফিরেছে।