পুলিশের সঙ্গে সংঘর্ষের পর এবার ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
এর আগে বিকেল ৪টার দিকে মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। এতে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরসহ অনেকেই আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর আগে হাদি হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যমুনার সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। একই দাবিতে শুক্রবার জুমার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দিয়েছিল সংগঠনটি। আরেকটি অংশ যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখেছিল।
কিন্তু সকাল থেকে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক দফা চড়াও হয়। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হওয়া কয়েকশ আন্দোলনরতদের লাঠিচার্জের পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।
এ সময় সরকারি কর্মচারিদের সঙ্গে যমুনার সামনে থাকা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরও সরিয়ে দেওয়া হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের ওপর বলপ্রয়োগ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর কিছুক্ষণ পরই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জড়ো হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে দেওয়া পুলিশের ব্যারিক্যাডের সামনে অবস্থান নেয়। তাদের সঙ্গে পুলিশের কয়েক দফা বাগবিতণ্ডা চলতে দেখা যায়। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে তারা যমুনা অভিমুখে যেতে চাইলে পুলিশি অ্যাকশন শুরু হয়।