রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ না থাকলেও পদ ছাড়ার পর আগের বা পরে করা যেকোনো অসদাচরণের জন্য ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি পদে থাকাকালে কিছু আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে দায়িত্ব শেষ হওয়ার পর তার আগের বা পরের কোনো অসদাচরণের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।’
জ্বালানি খাতের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে চতুর্থ ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
তিনি আরও জানান, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় বর্তমানে অনেক ভালো রয়েছে।
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়, পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রিকসের সদস্য হওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।’