সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশুরা ফুলের মতো। তাদের প্রত্যেকের মধ্যেই সম্ভাবনাময় সুপ্ত প্রতিভা রয়েছে। সেই প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।
রোববার (২৬ জুলাই) রাজধানীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা আজ প্রতিষ্ঠিত শিল্পী, তাদের অনেকেই বিভিন্ন প্রতিভা অন্বেষণমূলক আয়োজনের মাধ্যমে উঠে এসেছেন। নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে জানানো হয়, ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি ১৪তম বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করছে। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতসহ বিভিন্ন বিষয়ে দেশের ১২টি জোনে প্রাথমিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
একজন প্রতিযোগী সর্বোচ্চ তিনটি একক এবং একটি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি দুটি বিভাগে দুজনকে ‘শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন’ ঘোষণা করা হবে।