দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এসব নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি ইতোমধ্যে বৃদ্ধি পেয়েছে এবং কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে এ দুই নদীর পানিও বাড়তে পারে। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
এদিকে ব্রহ্মপুত্র নদে পানির স্তর স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বাড়ছে। আগামী পাঁচ দিন এ দুই নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এর প্রভাবে ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু স্থানে নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে জেলার নদী-তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর ও রাজশাহী অঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।