বৈরী আবহাওয়ায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকায় ফিরে এসেছে তিনটি ফ্লাইট। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট। মঙ্গলবার (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইব্রাহিম খলিল জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস৩৫০ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে। এ ছাড়া শারজাহ থেকে চট্টগ্রামগামী এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইটটিও ঢাকায় ফিরে গেছে।
এ ছাড়া, ঢাকা থেকে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১২১ ফ্লাইটটি অবতরণের চেষ্টা করে ব্যর্থ হয় বলেও জানান তিনি। সেই ফ্লাইটটিও ঢাকায় পাঠানো হয়েছে।
এ সময় তিনি আরও জানান, প্রতিকূল পরিবেশের কারণে সব ফ্লাইট আধাঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।