পবিত্র ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে আজ (সোমবার) থেকে ২১ মে পর্যন্ত ১০ দিনের জন্য ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি।
এতে আরও বলা হয়, আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
টিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এতে মোট প্রায় ২৮.৮০ লাখ ভোক্তা উপকৃত হওয়ার আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে। এই ট্রাকসেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারবেন।
পণ্যের তালিকায় রয়েছে, ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল। প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।
কোথায় কত ট্রাক থাকবে
ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক থাকবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। বাকি ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে ট্রাক পরিচালনা করা হবে। এছাড়া অবশিষ্ট ৫৬টি জেলায় থাকবে ১০টি করে ট্রাক।
কোন পণ্য কত দামে
ট্রাকসেলের মাধ্যমে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।
ভোজ্যতেল: ২ লিটার, প্রতি লিটার ১৩০ টাকা
চিনি: ১ কেজি, ৮০ টাকা
মসুর ডাল: ২ কেজি, প্রতি কেজি ৭০ টাকা
সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ—উভয় শ্রেণির জন্যই এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে। একেকজন ক্রেতা ট্রাকসেলের মাধ্যমে একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।