রোববার (১০ মে) বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। রোববার সকাল ৮টা ৫২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক অনুযায়ী লাহোরের স্কোর ২০৭। অন্যদিকে ১৬৫ স্কোর নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়।
দূষণের শীর্ষে না থাকলেও আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৫৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৫৪।