সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, আমরা বলতাম, এবারে সম্ভাব্য সরকারি দলের সুবর্ণ সুযোগ আছে বিরোধীপক্ষ বেছে নেওয়ার। এস্টাবলিশমেন্ট বেছে নিল/দিল এমন একটি দলকে, যাদের ইতিহাস আর রাজনৈতিক দ্বিধাগ্রস্ত অবস্থান নিয়ে টান দিলে সত্যিকার সমস্যা ও সঙ্কটগুলোকে আড়াল করে ফেলা যায়।
তিনি বলেন, সংসদে গত কয়েক সপ্তাহ আমরা এ প্লেবুকের প্রথম অধ্যায় দেখলাম। সংস্কার পরিষদ গঠন, জুলাই সনদ বাস্তবায়ন ও বিবিধ প্রাতিষ্ঠানিক সংস্কার আজ পরীক্ষার সন্মুখীন। কিন্তু, নাগরিক জীবনের বাস্তব সঙ্কট কি দূর হবে এ ক্যারট এন্ড স্টিক পলিসি দিয়ে?
মাহফুজ আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সুবাদে নির্বাচিত সরকারকে আমরা নাগরিকদের সেবা-সুবিধা ও অধিকার পূরণে সফল দেখতে চাই। কিন্তু, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিক অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন ও বাস্তবায়ন ছাড়া সেটা কি আদৌ সম্ভব?