মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহ বন্দরে ফিরছে।
শুক্রবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।
৪০ দিন আটকে থাকার পর ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি গত বুধবার বাংলাদেশ সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উদ্দেশে রওনা দেয়। প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে ৪০ ঘণ্টা জাহাজ চালানোর পর শুক্রবার সকালে এটি ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছায়। তবে জাহাজটি হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে ইরান সরকার তা প্রত্যাখ্যান করে।
এতে জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক বলেন, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ৬ টনে নামিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, ‘নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা এরই মধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এছাড়া বেসিকের সমপরিমাণ যুদ্ধভাতা দেওয়া হচ্ছে।’
বিএসসির তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি।
এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়।
এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি।