প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করার লক্ষ্যে আগামী ৮ এপ্রিল সফরে যাচ্ছেন তারা। সফরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং আলোচনার ফলাফল পরবর্তীতে জানানো হবে।
সোমবার (৬ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার পক্ষ থেকেই আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা চেষ্টা করবো যেন দ্রুত শ্রমবাজার খোলা যায়। আলোচনা শেষে বিষয়টি সবাইকে জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। শ্রমবাজার সবসময় সবার জন্য উন্মুক্ত রাখার চেষ্টা করি।’
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৬ ফ্লাইটে করে নিহত আব্দুল্লাহ আল মামুনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন মন্ত্রী নিজেই।
এ সময় মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে, আর একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
নিহতের পরিবারের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।
এ সময় বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, কনস্যুলার ও ওয়েলফেয়ার বিভাগের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম উপস্থিত ছিলেন।