পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব প্রান্তের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘শত শত শহিদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পেয়েছি।’
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আত্মশুদ্ধি ও সংযমের আদর্শে মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড়সহ সমাজের সব ভেদাভেদ ভুলিয়ে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে এবং শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।’
তিনি আরও বলেন, ‘হিংসা-বিদ্বেষ ও বিভেদের অন্ধকার দূর করে ঈদ মানুষের হৃদয়ে নির্মল প্রশান্তি বয়ে আনে। এ দেশের মুসলিমদের জন্য এটি ফ্যাসিবাদ-উত্তর দ্বিতীয় ঈদুল ফিতর। দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তির অসংখ্য নেতাকর্মী ঈদের প্রকৃত আনন্দ থেকে বঞ্চিত ছিলেন।’
যাদের ত্যাগে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। পাশাপাশি আহত সংগ্রামীদের খোঁজখবর নেওয়াকে নৈতিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘পরিবার থেকে দূরে থেকেও তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন।’
বার্তায় তিনি আরও বলেন, ‘ঈদের দিন পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সমাজের দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মুসলিমের মানবিক দায়িত্ব।’
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে তিনি বলেন, বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহ যেন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়।