সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে চার হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আলোচনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক আহ্বান করেছে। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিবের সভাপতিত্বে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। রোববার জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অধীনে বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর চার হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃষ্টির বিষয়ে পুলিশ বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।
দায়িত্ব গ্রহণের পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিভিন্ন স্তরে জনবল সংকট নিরসনে নিয়োগের বিষয়টি উত্থাপন করেন। এ উদ্যোগ পুলিশের জনবল ঘাটতি মোকাবিলার অংশ হিসেবে নেওয়া হচ্ছে।
গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী শূন্য পদ পূরণের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া তিনি কর্মকর্তাদের শূন্য কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি ১৮০টি শূন্য পুলিশ সার্জেন্ট পদে তাৎক্ষণিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে কনস্টেবল ও পুলিশ সার্জেন্ট পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং উভয় পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
কর্মকর্তারা বলেন, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাবিত সিদ্ধান্ত বাংলাদেশ পুলিশের কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ও সারাদেশে উন্নত আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়তা করবে।