জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ম বহির্ভূতভাবে সংশোধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই সংক্রান্ত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, টুঙ্গিপাড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ (প্রাক্তন কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল) এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয় এবং তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এজন্য অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯(১) এর বিধান অনুযায়ী মো. হারুন অর রশিদ উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ (প্রাক্তন কার্যালয় বাবুগঞ্জ, বরিশাল) কে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এতে আরও বলা হয়, সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধাদি প্রাপ্য হবে একই সঙ্গে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।