মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে পরিচালিত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনায় ইরানের হামলার খবরের পর আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। সাইবার হামলা হয় দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলোতে। অন্যদিকে ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।