স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে। এটা আমরা আগেও বলেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে।’
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় যান।
জেলার সীমানায় পৌঁছানোর পর উনত্রিশ মাইল এলাকার স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা তাকে বরণ করে নেন। তারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফখরুলকে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে লোকজনের সঙ্গে হাত মেলান ও কথা বলেন। বেলা ১টার দিকে মির্জা ফখরুল ইসলাম শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে এসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
মির্জা ফখরুল বলেন, ‘মহান আল্লাহ–তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর অশেষ রহমতে ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের কারণেই আমি আজ কাজ করার সুযোগ পেয়েছি।’
নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখন তো অনেক ভালো।’
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ও সদর থানা বিএনপির সভাপতি আবদুল হামিদ উপস্থিত ছিলেন।