আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩ (অ্যাক্ট নাম্বার ১৯৭৩ এর ১৯) এর অধ্যায় ৭ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে (বর্ণিত পদমর্যাদা, প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ) নিয়োগ দেওয়া হলো। সেই সঙ্গে গত ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের স্মারকে প্রদত্ত মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিত তিনি।