অস্ত্র মামলা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২৬-এর বিচারক মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল বেঞ্চ সহকারী ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-২। ওই অভিযানের সময় ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে পাঁচ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব।
এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন র্যাবের হাবিলদার মো. মশিউর রহমান। মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ আদাবর থানার এসআই জাহিদ হাসান আসামি ফয়সালের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। এরপর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন হাদির মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ফয়সাল করিমকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন।