সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃত্যু হলো মোট ৩৭ জনের। এছাড়া গত একদিনে নতুন করে ৩৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত একদিনে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১৭৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ৫৪, খুলনা বিভাগে ৪৩, ময়মনসিংহ বিভাগে ২১, রংপুর বিভাগে ৬, ও রাজশাহী বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (সোমবার) পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু ঢাকা বিভাগেই ১৯ জন মারা গেছেন। এ ছাড়াও উল্লেখিত সময়ে ময়মনসিংহ ও খুলনা বিভাগে ৫ জন করে মোট ১০ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ৪, বরিশাল বিভাগে ৩ এবং রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।