৪৯২টি উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্যসেবায় জনগণের সুযোগ-সুবিধা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। বাকি ৪৯২টি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। গণপূর্ত বিভাগ অবকাঠামোগত প্রয়োজনীয়তা মূল্যায়ন করবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে।’
তিনি জানান, এসব হাসপাতালে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া এসব হাসপাতালের প্রতিটিতে দুজন করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর, এই চার বিভাগীয় শহর এবং কুমিল্লা জেলা সদরে মোট পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই হাসপাতালগুলোর প্রতিটির জন্য এক হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে এবং প্রধানমন্ত্রী গতকালই জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই জনবল নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।’
এ সময় ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বুধবার সূর্যাস্তের আগেই প্রতিবেদন জমা হবে। চরম অবহেলার কারণে শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’