জনস্বাস্থ্যের মানোন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ফাস্ট ফুডের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে। স্থূলতা, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগ মোকাবিলায় নেওয়া বিশাল এক স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই কর্মসূচির পেছনের প্রধান সংস্থা হেলদি লিভিং আবুধাবি। এর নির্বাহী পরিচালক ডা. আহমেদ আল-খাজরাজি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে জানান, জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের ওপর এই বিধিনিষেধ মানুষকে তাদের ব্যক্তিগত সুস্থতার বিষয়ে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
তিনি বলেন, ‘এখন থেকে আপনি যদি আবুধাবির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গাড়ি চালিয়ে যান, তাহলে কোথাও অস্বাস্থ্যকর খাবার বা পানীয়র প্রচার আপনার চোখে পড়বে না। আমরা এটি করছি মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলার জন্য, যাতে প্রতিটি নাগরিক ও বাসিন্দার পক্ষে সুস্থ থাকা সহজ এবং সুলভ হয়।’
চলতি মাসে আমিরাতের স্বাস্থ্য বিভাগের অধীনে ‘হেলদি লিভিং’ কার্যক্রমের আওতায় বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে নিউট্রি-মার্ক লেবেলের মাধ্যমে খাদ্যের মান নির্ধারণ, বিজ্ঞাপনের ওপর কঠোর নিয়মাবলী, সুপার মার্কেটের ভেতরের সজ্জায় পরিবর্তন, সামাজিক ফিটনেস কর্মসূচি সম্প্রসারণ এবং স্কুল ও কর্মক্ষেত্রে পুষ্টির মানদণ্ড আরও কঠোর করা।
এর আগে এই মাসের শুরুর দিকে জানানো হয়, শিক্ষার্থীরা স্বাস্থ্যকর খাবার খাচ্ছে কি না, তা নিশ্চিত করতে স্কুলের টিফিন বা লাঞ্চ বক্সগুলো হঠাৎ পরীক্ষা করা হচ্ছে।
এই কর্মসূচির লক্ষ্য মানুষকে জোর করে কোনো আচরণে বাধ্য করা নয়; বরং তাদের চারপাশের পরিবেশ পরিবর্তন করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, যাতে তারা নিজেরাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
আহমেদ আল-খাজরাজি বলেন, ‘আমাদের লক্ষ্য জাতি, বয়স ও লিঙ্গ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের জন্য সুস্থ থাকাকে সহজ এবং হাতের নাগালে নিয়ে আসা।’