অভিনয় দিয়ে শুরু করেছিলেন শোবিজ ক্যারিয়ার। ‘ফেউ’ কিংবা ‘গুলমোহর’ ওটিটি কনটেন্টে তার সাবলীল অভিনয় এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। শোবিজে জনপ্রিয়তা পাওয়ার আগে অভিনয় শেখার জন্য তিনি ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। সেখান থেকে সফলভাবে পড়ালেখা শেষ করে নাটক ও সিনেমায় অভিনয়ে প্রতিভার সাক্ষর রাখেন মোস্তাফিজুর নূর ইমরান।
এই তরুণ জনপ্রিয় অভিনেতা এবার পরিচালনায় অভিষিক্ত হচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন ‘জ্বীনের বাচ্চা’ শিরোনামের একটি নতুন কনটেন্ট। যেটি চরকিতে প্রকাশ হবে ১৮ ফেব্রয়ারি রাত ১২টায়।
এই কনটেন্টের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। তার সঙ্গে রয়েছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার প্রমুখ। এরইমধ্যে প্রকাশ পেয়েছে কনটেন্টটির ট্রেলার, যা দেখে দর্শকদের কৌতূহলী হয়েছেন এটির জন্য। ট্রেলারে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি-সব মিলিয়ে তিনি যেন এক নিঃসঙ্গ লড়াইয়ের মুখোমুখি।
কনটেন্টটির গল্প লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন।