‘থাগ্গেদে লে’, ‘৭ আওয়ার্স টু গো’ ও ‘ঘোস্ট’ সিনেমায় অভিনয় করা অভিনেত্রী অনন্যা রাজ মারা গেছেন। গত ১৫ জুলাই ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তার মৃত্যু হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
রোববার (১৬ আগস্ট) অনন্যা রাজের পরিবারের পক্ষ থেকে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিবারের সদস্যরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অনন্যা।
বিবৃতিতে বলা হয়, ‘গভীর বেদনার সঙ্গে আমাদের জানাতে হচ্ছে, ১৫ জুলাই ভোররাতে অনন্যা মারা গেছেন। তিনি ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। এক বছরেরও বেশি সময় ধরে অনন্যা শারীরিক ও মানসিক অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেগুলো কাটিয়ে ওঠার জন্য একজন যোদ্ধার মতো লড়াই করেছেন তিনি।’
মৃত্যুর প্রায় এক মাস পর রোববার অনন্যার শেষকৃত্যের কয়েকটি ছবিও তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে পরিবার। বিবৃতিতে অনন্যাকে ‘দৃঢ়চেতা এক মেয়ে’ হিসেবে উল্লেখ করে পরিবার জানায়, তিনি রানির মতো জীবনযাপন করেছেন।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, ‘বাচ্চা, তোমার অনুপস্থিতি আমরা গভীরভাবে অনুভব করব। আমরা সবাইকে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। এই কঠিন সময়ে আমরা ব্যক্তিগত গোপনীয়তা ও নীরবতা বজায় রাখতে চাই।’
সিনেমার পাশাপাশি ‘দ্য ফাইনাল এক্সিট’-সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন অনন্যা রাজ। টি-সিরিজ, জি মিউজিক ও টাইমস মিউজিকের মতো শীর্ষ সংগীত প্রতিষ্ঠানের প্রকাশিত বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।