ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা ববিতাকে নিয়ে জানার আগ্রহ অনেকের। তার বেড়ে উঠা, অভিনয় এবং ব্যক্তি জীবনের অনে ক কথাই অজানা সবার।
এইসব না জানা কথা জানাতে এবার বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আইতে হাজির হন তিনি। তার প্রতি সম্মান জানিয়ে ‘বরেণ্য ববিতা’ শিরোনামের একটি বিশেষ অনুষ্ঠান নির্মাণ করেছে চ্যানেল আই।
চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় নির্মিত অনুষ্ঠানটি প্রচার হবে ৪ জুন রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে।
এই অনুষ্ঠানে এসে ববিতার হঠাৎ বিয়ে, বাসর রাত, প্রয়াত স্বামীর সাথে ভূল বুঝাবুঝি, এখন পর্যন্ত আর বিয়ে না করা, একমাত্র সন্তান অনিকের প্রতি তীব্র স্নেহে মোহাবিষ্ট থাকার কারণ, নায়ক জাফর ইকবালের সাথে গভীর প্রেমের স্বীকারোক্তি- এমন বিষয়ের বাইরেও নানা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন।
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী। মা-বাবা চেয়েছিলেন তাদের মেয়ে যেন বড় হয়ে চিকিৎসক হন। তবে বড় বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে নাম লেখান ববিতা। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ ছবিতে শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় তার অভিষেক হয়।
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অনঙ্গ বউ চরিত্রে অনবদ্য অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান ববিতা। গ্রামীণ, শহুরে কিংবা সামাজিক, অ্যাকশন সব ধরনের ছবিতেই তিনি ছিলেন সাবলীল।
ববিতা অভিনীত ছবির সংখ্যা আড়াই শতাধিক। এর মধ্যে ‘বাঁদী থেকে বেগম’ (১৯৭৫), ‘নয়নমণি’ (১৯৭৬), ‘বসুন্ধরা’ (১৯৭৭), ‘রামের সুমতি’ (১৯৮৫) ও ‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৯৬) ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।