ফ্রান্সের সাগর পাড়ের শহর কানে চলছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। ১৩ মে রাতে বিশেষ আয়োজনে উদযাপিত হয়েছে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস-এর ২৫ বছর পূর্তি আয়োজন। স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভালের গ্রাঁ লুমিয়ের থিয়েটারে ছবিটির বিশেষ মধ্যরাতের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে লালগালিচায় একসঙ্গে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ এবং জরদানা ব্রুস্টার।
বিশেষ এই প্রদর্শনীটি ছিল উৎসবের ‘স্পেশাল স্ক্রিনিং’ বিভাগের অংশ। ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্রটিকে আয়োজকেরা এক ধরনের সমসাময়িক ক্লাসিক হিসেবে সম্মান জানিয়ে এই প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক নিল এইচ. মরিটজও। দর্শকদের সামনে বক্তব্য দিতে গিয়ে ভিন ডিজেল জানান, দুই দশকেরও বেশি সময় পরও ছবিটির প্রতি দর্শকের আবেগ তাকে বিস্মিত করে। আয়োজনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে প্রয়াত পল ওয়াকার-এর স্মরণে। তার মেয়ে মেডো ওয়াকার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ভিন ডিজেল বক্তব্যে তাকে বিশেষভাবে স্বাগত জানান এবং পল ওয়াকারকে স্মরণ করে আবেগাপ্লুত হন। আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তটিই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ২০০১ সালে মুক্তি পাওয়া প্রথম ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ মূলত লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট রেসিং সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। পরে এটি বিশ্বজুড়ে অন্যতম সফল চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়। এখন পর্যন্ত মূল সিরিজ, স্পিন-অফসহ এর চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী সাতশ কোটি ডলারেরও বেশি আয় করেছে।