গত ঈদের সিনেমার লাভ লোকসানের হিসাব শেষ না হতেই আরেকটি ঈদ কড়া নাড়ছে। ঠিক দুই সপ্তাহ পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা।
তাই আগামী ঈদকে ঘিরেও চাঙ্গা হচ্ছে দেশের সিনেমাঙ্গন। কারণ ঈদের সময় দর্শকের বিনোদনের বড় একটি অংশের যোগান দেয় নতুন সিনেমা। আগামী ঈদেও একাধিক সিনেমা মুক্তি পাবে, এমন ধারণা পাওয়া যাচ্ছে এখনই।
বেশ কয়েকটি সিনেমা নিয়ে তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে। তবে আলোচনায় অর্ধ ডজনের মতো সিনেমা থাকলেও নিশ্চিত খবর দিয়েছে ‘রকস্টার ’ ও ‘রইদ’ নামের সিনেমা দুটির কর্তৃপক্ষ।
গত মাস থেকেই আলোচনায় ‘রকস্টার’ নামের সিনেমাটি। এখন পর্যন্ত সিনেমাটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। গত ১১ মে গাজীপুরের একটি রিসোর্টে সিনেমাটির শুটিং শেষ হয়। এর মধ্যেই চলছে সম্পাদনার কাজ। আগামী সপ্তাহে সিনেমাটি সেন্সরে যাবে। পরিচালক আজমান রুশো বলেন, ‘আমাদের সিনেমার শুটিং শেষ মুহূর্তে। এর মধ্যে পোস্টের কাজ চলছে। সামনে নিয়মিত প্রচারে চমক থাকবে।’ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা।
হাওয়া সিনেমাটি মুক্তির পর চার বছর বিরতি দিয়ে ‘রইদ’ নামের নতুন একটি সিনেমা নিয়ে ফিরছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। সিনেমার ট্রেলার ও পোস্টার আলোচনায় এসেছে। প্রশংসা পাচ্ছে সিনেমার গানও। পরিচালক জানালেন, ঈদ ঘিরেই তারা পরিকল্পনামাফিক সিনেমার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সিনেমাটির প্রচারনা শুরু হচ্ছে। সব ঠিক থাকলে এ সপ্তাহে সেন্সরে যাবে রইদ সিনেমাটি। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
তবে ঈদে সম্ভাব্য মুক্তির তালিকার মধ্যে অন্যতম একটি সিনেমা হলো ‘মাসুদ রানা’। প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল এটির শুটিং।
সিনেমাটির পরিচালক সৈকত নাসির বলেন, ‘আমাদের সিনেমার সব শুটিং শেষ। এখন টানা পোস্টের কাজ চলছে। আমাদের সিনেমা ঈদেই আসবে।’
তিনি আরও জানান, ২০ মের মধ্যে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদের জন্য জমা দেবেন। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা ও পূজা চেরী।
আগামী ঈদে মুক্তির জন্য আলোচনায় আছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ সিনেমাটি।
সিনেমার পরিচালক উজ্জ্বল বলেন, ‘কিছু কারণে আমরা এখনো প্রচারণায় যেতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে। এখনো অফিশিয়াল ঘোষণা দিইনি।’ সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে নাম ভ‚মিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমায় কবি জীবনানন্দ দাশ হয়েছেন খায়রুল বাসার।
আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটির গত ঈদেই আসার কথা ছিল। পরে বড় তারকা ও হল সংখ্যার কথা ভেবে মুক্তি থেকে সরে যান প্রযোজক। ঘোষণা দেন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেবেন। কিন্তু এখনো সিনেমাটি কোনো প্রচারণায় নেই। এ প্রসঙ্গে পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘নীরব রয়েছি, তবে প্রচারণা দিয়েই সরব হব। হল সংখ্যা যা–ই হোক, এবার আমরা কোনোভাবেই সিনেমাটির মুক্তি থেকে সরে যাচ্ছি না।’
সাইফ চন্দনের পরিচালনায় ঈদের আরেকটি ছবির নাম ‘মালিক’। এতে অভিনয় করছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
শিগগিরই সিনেমাটি সেন্সর সনদের জন্য জমা দিতে চান পরিচালক সাইফ চন্দন। সেভাবেই সবকিছু গুছিয়ে আনছেন। বেশ আগে থেকেই শোনা যাচ্ছিল, সিনেমাটি ঈদুল আজহায় আসবে। তবে পরিচালক সাইফ বললেন, ‘কবে মুক্তি পাবে, এটা নিয়ে এমন কোনো ঘোষণা আমি দিইনি। এটা কেউ কেউ ছড়িয়েছে।’ তাহলে কি সিনেমাটি ঈদে আসছে না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘পোস্টের কাজটা আরেকটু গুছিয়ে নিতে চাইছি।’ মালিক সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।
দুই বছর আগেই সেন্সর সনদ পায় ‘নাকফুলের কাব্য’ নামের আলোচনায় থাকা আরেকটি সিনেমা। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, আগামী ঈদে মুক্তি পাবে নাকফুলের কাব্য। এটি পরিচালনা করছেন আলোক হাসান। এই সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী জুটি।
তবে ঈদের আগে এ তালিকায় আরও সংযোজন বিয়োজনও আসতে পারে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ঠরা।