নাটকে অভিনয়ের জন্য অনেক আগেই জনপ্রিয় হয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। আর নাজনীন নীহা অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন অভিনয়গুণে।
নাট্য পরিচালক জাকারিয়া সৌখিন এই দুই অভিনয়শিল্পীকে জুঁটি বানিয়ে একাধিক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। সেগুলোর মধ্যে অন্যতম দুটি নাটক হলো ‘মনদুয়ারী’ এবং ‘মেঘবালিকা’।
সেই সাফল্যের রেশ ধরেই আগামী ঈদের জন্য একই পরিচালক নির্মাণ করেছেন নাটক ‘ মায়া পাখি’।
যথারীতি এতে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।
নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। এই সময়েও মেয়েটি খুব সাধারণ জীবন যাপন করে। নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভ‚তির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।’
নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা । তিনি বলেন, ‘কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ¡সিত।’
পরিচালক জাকারিয়া সৌখিন জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হবে।