১২ মে থেকে ফ্রান্সে শুরু হচ্ছে বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের সিনেমা, সংস্কৃতি ও ফ্যাশন জগতের অন্যতম বড় এই আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা।
ভারতের হয়ে এবার কানের মঞ্চে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট ও অদিতি রায় হায়দারিকে। এ ছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছেন টালিউড অভিনেত্রী পার্নো মিত্র।
দ্বিতীয়বারের মতো সোমবার ভোরে কানের উদ্দেশে মুম্বাই ছেড়েছেন আলিয়া ভাট। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন অভিনেত্রী। আন্তর্জাতিক একটি বিউটি ব্র্যান্ডের প্রতিনিধি হিসেবে এবার উৎসবে যোগ দিচ্ছেন তিনি। সাদা ট্যাঙ্ক টপ, কালো কোট ও ডেনিম জিনসে বেশ স্টাইলিশ লুকেই দেখা যায় তাকে।
বিশ্বখ্যাত সেই বিউটি ব্র্যান্ডের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কানের লাল গালিচায় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও হাটবেন আলিয়া।
দ্বিতীয়বার কানে অংশ নেওয়া প্রসঙ্গে আলিয়া ভাট বলেন, ‘দ্বিতীয়বার কানে অংশগ্রহণের সুযোগ পেয়ে ভীষণ খুশি আমি। গত বছরের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় আর এ বছর আরো বড় উদযাপনের অংশ হতে পেরে আমি উচ্ছ¡সিত। ’
আগামী ২৩ মে নানা আনুষ্ঠানিকতায় শেষ বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর।
অন্যদিকে, যশরাজ ফিল্মসের ব্যানারে আলিয়ার নতুন ছবি ‘আলফা’ মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া তার হাতে রয়েছে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’।