জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও নাট্যকার কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। লিভার-সংক্রান্ত জটিলতায় গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।
কারিনার পরিবার সূত্রে জানা গেছে, কারিনাকে উন্নত চিকিৎসার জন্য আজই এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ফুটবলার কায়সার হামিদ।
তিনি বলেন, ‘মাত্রই ভিসা হাতে পেলাম। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখানে হাসপাতালের অনেক টাকা বিল, পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সের জন্যও অনেক টাকার প্রয়োজন। আম্মার আর আমার কিছু ফিক্সড ডিপোজিট ভাঙছি, আর একটা জমির বায়না করছি। এগুলো আজকের দিনের ভেতর সম্পন্ন হবে।’
কারিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কায়সার হামিদ জানান, তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘অবস্থা অপরিবর্তিত। তবে প্রেশারটা নিয়ন্ত্রণে আছে।’
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ হয়েছে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এর মধ্যে আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে জটিলতা বাড়তে বাড়তে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন কারিনা। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছিল আলাদা জনপ্রিয়তা। হাস্যরসাত্মক ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।