নিজের যোগ্যতায় অল্প সময়েই বলিউডে নিজেকে পরিচিত করেছেন অভিনেত্রী দিশা পাটানি। তিনি এখন বলিউডের অন্যতম আলোচিত মুখ। গত কয়েক বছরে বলিউডে দিশার অবস্থান আরও শক্ত হয়েছে। দিশার বিনোদন অঙ্গনে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। পরে বিজ্ঞাপনচিত্র। এরপর সিনেমায় অভিনয়। বিশেষ করে এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় তার অভিনয় দর্শকেদের বিমোহিত করে।
এরপর একের পর এক বাণিজ্যিক ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন দর্শকদের প্রিয় অভিনেত্রী। এই দিশা শুধু বলিউডের গÐিতে আটকে থাকছেন না; তার ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। শুরু করতে যাচ্ছেন হলিউড যাত্রা।
জানা গেছে, অ্যাকশন-থ্রিলার ঘরানার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ভাগ ‘দ্য পোর্টাল অব ফোর্স’ এর মাধ্যমে হলিউডে অভিষেক হচ্ছে তার। ছবিটিতে তিনি অভিনয় করছেন ‘জেসিকা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়–কোন কিংবা আলিয়া ভাট আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে ভারতীয় অভিনেত্রীদের জন্য নতুন পথ খুলে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এখন যোগ হচ্ছে দিশার নামও।
এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার। সেখানে দিশাকে দেখা গেছে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও পরিণত এক চরিত্রে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বলিউডের পরিচিত ‘গø্যাম ডিভা’ ইমেজ ভেঙে আরও সিরিয়াস অ্যাকশন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকেই এগোচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে দিশা পাটানি বলেন, ‘এই যাত্রা তার কাছে শুধুই একটি নতুন প্রজেক্ট নয়, বরং নিজের সীমা অতিক্রম করার এক সুযোগ। তার ভাষায়, ‘গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের নির্দিষ্ট সীমারেখা নেই। পর্দায় সততা সব জায়গাতেই সমানভাবে গ্রহণযোগ্য।’