২০২৫ সালের ৫ নভেম্বর এক ধরনের প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল, আর ২০২৬ সালের ৮ মে অপ্রত্যাশিত প্রাপ্তি নিয়ে শেষ হলো পথচলা। শুধু শেষ নয়, যার রেশ রয়ে যাবে অনেকদিন।
অভাবনীয় এক রেকর্ড গড়ে ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এর প্রচার শেষ হয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটি যথাক্রমে চ্যানেল আই ও সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে।
পারিবারিক সম্পর্ক আর বাস্তব জীবনের টানাপড়েন নিয়ে এই নাটকের গল্প তৈরী করা হয়। ৫২তম পর্বে এসে নাটকটি শেষ হয়। ৯২ মিনিটের শেষ পর্বটি বিশেষ হয়ে রইলো। এই পর্ব প্রকাশের মাত্র ৮ ঘণ্টা ১৫ মিনিটে ভিউ ছাড়িয়ে যায় ৮ মিলিয়ন।
বাংলাদেশি ইউটিউব নাটক ও ধারাবাহিকের ইতিহাসে যা নতুন এক মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।
এই সাফল্য প্রসঙ্গে নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটা আমার স্বপ্নের একটি কাজ ছিল। পুরো যাত্রায় দর্শকদের যে ভালোবাসা ও প্রতিক্রিয়া পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চরিত্রগুলোকে দর্শক নিজেদের পরিবারের অংশ হিসেবে গ্রহণ করেছেন, এটাই একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি।’
শুরু থেকেই দর্শকদের আবেগের কেন্দ্রে জায়গা করে নেয় সিরিজটি। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, ত্যাগ, অভিমান ও বাস্তব জীবনের জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে গল্প। প্রতিটি পর্ব ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আলোচনা, বিতর্ক ও আবেগঘন প্রতিক্রিয়া। দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকেরা নিয়মিত যুক্ত ছিলেন সিরিজটির সঙ্গে।
গল্পের কেন্দ্রে ছিল চারটি চরিত্র-ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ এবং তার ভাই সামির চরিত্রে ছিলেন খায়রুল বাসার। মেহরীন চরিত্রে অভিনয় করেন কেয়া পায়েল এবং ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে ছিলেন সুনেরাহ বিনতে কামাল।
এছাড়া ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এম এন ইউ রাজু, মুকিত জাকারিয়া প্রমুখ।
ধারাবাহিকটির টাইটেল সংও পেয়েছে আলাদা জনপ্রিয়তা। গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর।