দুনিয়া কাপানো পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ সম্প্রতি মুক্তি পেয়েছে।
মুক্তির পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে দর্শকের উন্মাদনা। দুর্দান্ত সফলতার দিকেই যাচ্ছে বায়োপিকটি। আয়ের দিক থেকেও দারুনভাবে এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
তবে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাইকেল জ্যাকসনের ভক্তদের মাঝে। আর তা হলো মাইকেলের নিজের ছেলেরা থাকতে কেন ভাতিজা জাফরকে বেছে নেয়া হলো এই চরিত্রের জন্য।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রহস্যের জট খুলেছে। মাইকেল জ্যাকসনের দুই ছেলে প্রিন্স ও বিগি বিনোদন জগতের সাথে যুক্ত থাকলেও পর্দার আড়ালে থাকতেই বেশি পছন্দ করেন। প্রিন্স আগেভাগেই জানিয়েছিলেন, গান বা নাচে পারদর্শী না হওয়ায় তিনি নিজেকে এই চরিত্রের জন্য উপযুক্ত মনে করেন না।
অন্যদিকে, ছোট ছেলে বিগি জ্যাকসন পরিচালনা ও প্রযোজনায় আগ্রহী হলেও অভিনয়ে তার কোনো বিশেষ ঝোঁক নেই। মাইকেলের ভাই জারমেইন জ্যাকসনের ছেলে জাফর ছোটবেলা থেকেই সংগীত ও নাচের তালিম নিয়েছেন। জাফরের নাচ এবং কণ্ঠের সঙ্গে মাইকেল জ্যাকসনের অদ্ভুত মিল রয়েছে বলে দাবি করেছেন নির্মাতারা। জানা গেছে, এই চরিত্রের জন্য জাফর গত কয়েক বছর ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর তিনি প্রায় এক বছর ধরে নিজের মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে এই খবরটি গোপন রেখেছিলেন।
পরিচালকের মতে, জাফরকে নির্বাচন করার অন্যতম প্রধান কারণ ছিল তার সহজাত দক্ষতা। মাইকেলের আইকনিক নাচের মুদ্রা এবং উচ্চাঙ্গের গান ফুটিয়ে তুলতে জাফরই ছিলেন সেরা বিকল্প। পরিবারের সমর্থন এবং দীর্ঘদিনের সাধনার মিশেলেই শেষ পর্যন্ত ‘মাইকেল’ হয়ে পর্দায় আসলেন জাফর জ্যাকসন।