২০১৬ সালের সেপ্টেম্বরে ফেসবুকে দুটি লাইন শেয়ার করেছিলেন অ্যাশেজ ব্যান্ডের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান। তিনি লিখেছিলেন ‘ময়লা জমে গেছে শেষ লাইনে, তোমার চোখ অন্যভাবে জ্বলছে।’ সেটি ছিল কেবল আভাস। এরপর ২০১৯ সালে গানটির ডেমো প্রকাশ করা হয় ইউটিউবে।
এক দশকের অপেক্ষা শেষে আজ প্রকাশ পাচ্ছে অ্যাশেজ ব্যান্ডের ‘ফেরিওয়ালা’। সন্ধ্যা ছয়টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ হচ্ছে।
অ্যাশেজের বিভ্রম অ্যালবামের চতুর্থ ট্র্যাক হিসেবে থাকছে ‘ফেরিওয়ালা’। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। নতুন করে গানটি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জুনায়েদ ইভান বলেন, ‘গানটা অনেক আগের। ১০ বছরের বেশি। তখন বুঝিনি রিলিজ করতে এত সময় লাগবে। ২০১৬-তে ফেসবুকে আংশিক লিরিক প্রকাশের পর থেকে আপডেট জানতে চেয়েছেন শ্রোতারা। ইউটিউবের এসব মন্তব্য আমাদেরও আপ্লুত করেছে। অবশেষে গানটি রিলিজ দিতে পারছি। ভালো লাগছে।’