গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে তৈরি হচ্ছে প্রামাণ্যচিত্র ‘মায়ের ডাক’। সরকারি অনুদান পেয়েছে চলচ্চিত্রটি। সোমবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আন্তর্জাতিক নারী দিবসে অনুষ্ঠিত হয় মায়ের ডাক নির্মাণের শুভযাত্রা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মায়ের ডাক’সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। তুলি জানান, গুম হওয়া ব্যক্তিদের অনুপস্থিতিতে তাদের পরিবার বিশেষ করে মা, স্ত্রী এবং সন্তানরা মানসিক ও অর্থনৈতিক সংকটের কবলে পড়েন। এ বিষয়গুলো প্রাধান্য পাবে এখানে। ডাক প্রামাণ্যচিত্রটি নির্মাণ করছেন লাবিব নাজমুছ ছাকিব।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গুমের শিকার হওয়া অনেকের পরিবারের কথা আমার জানা। এই ঘটনাগুলো নিয়ে একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো কথা। এটা যেন ওই মানের হয়, যাতে করে গোটা পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, আনিসুর রহমান খোকন তালুকদার, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা প্রমুখ।