ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা ‘আত্মহত্যা’ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ইকরার মৃত্যুর পরপরই একজন অভিনয়শিল্পী সহকর্মীর সঙ্গে জাহের আলভীর কথিত প্রেমের সম্পর্কের কথা সামনে এসেছে। বিবাহবহির্ভূত এই সম্পর্কের জেরে ইকরা ‘আত্মহত্যা’র পথ বেছে নিয়েছেন, এমনটাই অভিযোগ ইকরার মা রেবেকা সুলতানা ও তার পরিবারের অন্য সদস্যদের, এমনকি বন্ধুদেরও।
এবার ইকরার আত্মহত্যার ঘটনায় সঠিক তদন্ত এবং আলভী ও ঘটনায় নাম আসা ওই অভিনেত্রীর বিচার চেয়ে মানববন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি প্ল্যাটফর্ম। যেখানে অংশগ্রহণকারীরা এই দুই অভিনয়শিল্পীকে বর্জনের ডাক দিয়েছে।
বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়া আরও অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায়বিচার দাবি করে তাঁরা ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগান দিতে থাকেন।
এদিকে জাহের আলভীর একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে সম্বোধন করে দেওয়া আবেগঘন সেই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সহানুভ‚তির বদলে সমালোচনার মুখেই পড়েন এই অভিনেতা।
এদিকে মানববন্ধনে মডেল, উদ্যেক্তার পাশাপাশি অনেক সাধারন মানুষও সেখানে হাজির হয়েছিলেন। সবার দাবী একটাই, আইনের সর্বোচ্চ প্রয়োগ করে যেন ইকরার মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করা হয়। অভিযোগের আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহের আলভী ও তিথিকে নিয়ে যেন কোনো নির্মাতা নাটক নির্মাণ না করেন, সেই দাবীও উচ্চারিত হয় মানববন্ধনে।