বিয়ের পর্ব শেষ। এ বার প্রীতিভোজের পালা। জানা গেছে, বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা নাকি ইতিমধ্যেই প্রীতিভোজের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েছেন। যে প্রীতিভোজে বিনোদন দুনিয়ার রথী-মহারথীরা আমন্ত্রিত। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকতে পারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
বিজয়-রশ্মিকা উভয়ে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন তাকে। সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তারকা নবদম্পতি একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন শাহকে।
প্রসঙ্গত, তারকাজুটিতে বিয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। বিয়ের আগেই বিশেষ বার্তা পাঠিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। আরও জানা গেছে, আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণ হোটেলে বসবে প্রীতিভোজের আসর।
তারকাদম্পতির আনুমানিক আড়াই কোটি রুপির বিয়েতে ছিল চমকের পর চমক। বিজয় এ দিন যেন দেববিগ্রহ। উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে উত্তরীয় আর সোনার ভারী গয়নায় সেজেছিলেন তিনি। রশ্মিকাও সেজেছিলেন সোনার গয়না আর সাবেকি সাজে। তেলুগু এবং কোডাভা রীতি মেনে দুই বার বিয়ে হয়েছে তাদের। আধুনিক সাজসজ্জার পরিবর্তে কয়েক দশক আগের ‘প্রাইমাল’ রীতি মেনে টেরাকোটার উপাদান, ফুল, কলাপাতা ইত্যাদি দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মণ্ডপ।