অবশেষে রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আগেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ এদিন গণমাধ্যমকে জানান, সকালে মন্ত্রীর দপ্তরে গিয়ে তিনি পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এ ছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণ বিবেচনায় নিয়ে ড. নিয়াজ এ সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুসারেই এখন পরবর্তী ধাপগুলো সম্পন্ন করা হবে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অগাস্ট ঢাবি ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এরপর গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে এক সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীলতার দিকে যাচ্ছে এবং প্রশাসনিক কার্যক্রমও ইতিবাচক অবস্থায় পৌঁছেছে। সে প্রেক্ষাপটে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যেন কোনো প্রশাসনিক শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে জন্য প্রয়োজন হলে সরকার ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত অনুযায়ী কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও বিবেচনা করতে প্রস্তুত আছেন।
তিনি ওই সংবাদ সম্মেলনে আরও বলেন, নতুন রাজনৈতিক সরকার চাইলে তাদের পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজানোর সুযোগ থাকা উচিত। প্রয়োজনে তিনি সহযোগিতা করতে প্রস্তুত এবং দ্রুত ডেপুটেশন শেষ করে নিজ বিভাগের শিক্ষকতায় ফিরে যেতে চান বলেও জানান।
১৯৬৬ সালে জন্মগ্রহণ করা নিয়াজ আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করার পর ইন্সটিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন। ১৯৯৬ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি লাভ করেন তিনি। পরে ইউনিভার্সিটি অব ওয়েলস, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি পোস্টডক্টরাল ডিগ্রি নেন।
এক সময় ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা অধ্যাপক নিয়াজ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ উপাচার্য হিসেবেও দায়িত্বও পালন করেছেন। ইউএনডিপি, এডিবি, পিকেএসএফের বিভিন্ন পদে চাকরি করার পাশাপাশি বিভিন্ন সময়ে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, ইউএসএআইডি ো বাংলাদেশ সরকারের পরামর্শক হিসেবে কাজ করেছেন ড. নিয়াজ আহমদ খান।