শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২২টি কম্পিউটারের হার্ডডিস্কসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তরের এক অফিস সহায়ককে অভিযুক্ত করে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছে মন্ত্রণালয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম বাদী হয়ে শাহবাগ থানায় অভিযোগ করেছেন। অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মাহাবুব হোসেনকে অভিযুক্ত করা হয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, মাউশি বিভাগের ১৭ তলায় থাকা ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছাড়া কাপ-পিরিচসহ আরও কিছু মালামালও নিখোঁজ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, কীভাবে কম্পিউটার থেকে হার্ডডিস্ক খুলে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
এদিকে থানায় করা অভিযোগে বলা হয়, মাউশি বিভাগের বিভিন্ন কক্ষের চাবি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মাহাবুব হোসেনের কাছে সংরক্ষিত থাকত। গত ১৪ জুন সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ও ২৩ জুলাই রাত ৮টার দিকে তিনি বিভাগের বিভিন্ন কক্ষ থেকে ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, প্রসেসর, র্যাম ও একটি প্রিন্টারসহ প্রায় চার লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যান।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।