দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (এমপিওভুক্ত) পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সম্প্রতি এ প্রস্তাব পাঠায়। রোববার (১৭ মে) মাউশির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, এবারের ঈদ উৎসব ভাতার জন্য মোট তিন লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর তালিকা ও প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের তিন লাখ তিন হাজার ১৬৪ জন এবং কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, উৎসব ভাতার প্রস্তাবটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ দ্রুত কাজ করছে। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক-কর্মচারীরা তাদের ঈদ উৎসব ভাতার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
সাধারণত প্রতি ঈদের আগেই এমপিওভুক্ত শিক্ষকেরা উৎসব ভাতার সরকারি আদেশের (জিও) জন্য অপেক্ষা করেন। এবার বেশ আগেভাগেই মাউশি থেকে প্রস্তাব পাঠানোয় নির্দিষ্ট সময়ের মধ্যেই শিক্ষকরা এই অর্থ তুলতে পারবেন বলে আশা করা হচ্ছে।