রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি শিক্ষার্থীদের স্ব-স্ব বিভাগগুলোতে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে। রোববার (১০ মে) সকাল থেকেই রঙ্গিন বেশে নবীনদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটগুলোতে পরিচিতি ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীনদের আগমনে নতুন রূপ ধারণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, আম চত্বর, শহীদ মিনার, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় নতুন-পুরোনো শিক্ষার্থীদের আড্ডা ছিল লক্ষণীয়। তবে পুরাতনদের ছাপিয়ে ক্যাম্পাসে নতুনদের পদচারণাই ছিল চোখে পড়ার মতো।
নবীনবরণ অনুষ্ঠান শেষে অ্যাকাডেমিক ভবন থেকে বের হতেই পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। কারও হাতে ফুল, কেউ নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়ে মেতে উঠেছে। কোথাও ছোট ছোট দলে জমে উঠেছে প্রাণবন্ত আড্ডা, আবার প্রবীণদের কেউ কেউ আনন্দভরে গেয়ে উঠেছেন প্রিয় গান। হাসি, গল্প আর উচ্ছ্বাসে মুহূর্তেই পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণচঞ্চল ও আনন্দমুখর
প্রথম দিনের অনুভূতি জানতে চাইলে ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সুষ্মিতা দাস বলেন, ‘আজকে বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম দিন। আজকে আমাদের নবীন বরণ হয়। শিক্ষকদের দেওয়া বক্তৃতা আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক ছিল। সবার সঙ্গে পরিচিত হতে পেরে অনেক ভালো লাগছে।’
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, ‘সময়টা অনেক আনন্দঘন মুহুর্তের ছিল। প্রশাসন থেকে কেন্দ্রীয়ভাবে নবীনবরণ সাধারণত হয়েই থাকে, তবে স্বতন্ত্রভাবে স্ব-স্ব বিভাগের আয়োজনটা সত্যিই অনেক প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, স্বয়ং উপ উপাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠানটা আরো বিশেষ হয়ে উঠেছিল। সবমিলিয়ে সবকিছুই অনেক ভালো লাগছে।
র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, এই ক্যাম্পাস সম্পূর্ণ র্যাগিংমুক্ত। বিগত সময়ে এই অপরাধে অনেক শিক্ষার্থীর শাস্তি হয়েছে। ভবিষ্যতে কেউ জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নবীদেরও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন মেনে চলতে হবে। নৈতিকভাবে চলাফেরায় উৎসাহিত করা হচ্ছে।