জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সব ব্যবসায়ীকে সন্দেহের চোখে দেখার মনোভাব থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। ফিকির সভাপতি রুপালী হক চৌধুরী বলেন, ‘ব্যবসায়ী মানেই চোর, এই ব্লেম গেম থেকে বের হতে হবে। ইউ মাস্ট সাম ট্রাস্ট অন আস। কিছু লোকের জন্য আমরা সবাই দায়ী নই।’
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর আয়োজিত এক প্রাক-বাজেট সভায় এসব কথা বলেন তিনি। সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ছাড়াও জ্যেষ্ঠ নেতারা এবং বাংলাদেশে ব্যবসার সঙ্গে যুক্ত বহুজাতিক কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বহুজাতিক কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের বক্তব্যে বিদ্যমান ট্যাক্স পলিসি সহজ ও ডিজিটাইজ করা, করের বেইজ সম্প্রসারণ করা ও সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া, বেসরকারি খাতের সম্প্রসারণ ও রাজস্ব প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য করে আগামী বাজেটে পলিসি ডিসিশন নেওয়ার আহ্বান জানান তারা।
সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান কিছু ক্ষেত্রে নিজেদের সমস্যা ও সক্ষমতার বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া, গত দেড় বছরে এনবিআরের পক্ষ থেকে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনে নেওয়া তাদের বেশকিছু উদ্যোগ ও পদক্ষেপ তুলে ধরেন।