ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ নাসরুল হাওলাদার (২৮) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ছৈলাবুনিয়া মাদরাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার নাসরুল হাওলাদার নলছিটি জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও পূর্ব কামদেবপুর এলাকার বেলায়েত হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
নলছিটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুজন খান বলেন, নাসরুল সাবেক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। বর্তমানে ছাত্রদলের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।