পবিত্র রমজান মাসে দশ লক্ষাধিক পরিবার সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন বলে জানিয়েছেন, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী টাংগাইল-৫ ( সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
২১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধনকালে তিনি এসব বলেন।
তিনি বলেন, ‘আমরা গরুর মাংস ৬৫০ টাকা কেজি নির্ধারণ করেছি এবং ডিমের দাম সাত টাকায় নির্ধারণ করেছি। আমরা প্রত্যেকটি জিনিসই জেলার যে বাজার মূল্য রয়েছে এর চেয়ে কম মূল্যে সরবরাহ করছি। মূলত নিম্ন আয়ের মানুষেরা, প্রান্তিক মানুষদের যাতে সহজলভ্য হয়, রোজার মধ্যে তাদের প্রোটিনের প্রয়োজন হয় ভালো খাদ্যের প্রয়োজন হয়, সেই বিবেচনাতেই আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নিয়েছি। সারা বাংলাদেশেই মাসব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রায় দশ লক্ষাধিক পরিবারের কাছে এসব পণ্য আমরা ন্যায্য মূল্যে বিতরণ করব। এতে করে বাজারও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে, অসাধু ব্যবসায়ী যারা বাজার অস্থিতিশীল করতে চায় সেই দিক থেকেও আমাদের এই উদ্যোগটা অনেক বেশি কাজে লাগবে আশা করছি। আমরা চাই বাংলাদেশটিকে একটি সুন্দর সমৃদ্ধশালী সকল শ্রেণীর মানুষ যাতে তাদের অধিকারটি পায় খাদ্য অধিকারটি পায় সেই জন্যই আমাদের এই উদ্যোগ। সকলের সহযোগিতা কামনা করছি আমরা পর্যায়ক্রমে এর পরিমাণ আরো বাড়াবো ইনশাল্লাহ। পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখার জন্য তাদের সমস্যাগুলো শুনে পদক্ষেপ নেব, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এই শিল্প যাতে টিকে থাকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।’
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তর কৃষি প্রজনন এর পরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হেলাল উদ্দিন খান প্রমুখ।