জামালপুর সদর (জামালপুর-৫) উপজেলার মিরাপুর এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে টাকা ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে মিরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা করে কয়েকজন ব্যক্তি ভোটকেন্দ্রের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা অটোরিকশাটি আটক করেন ও বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নুরুন্দি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে হেফাজতে নেয়। পরে তাদের দেহ ও অটোরিকশা তল্লাশি করে নগদ এক লাখ ১৩ হাজার টাকা, কয়েকটি মোবাইল ফোন, কিছু ভোটার স্লিপ ও অটোরিকশার সিটের নিচ থেকে একটি দা জব্দ করে।
স্থানীয় বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, আটক ব্যক্তিরা জামায়াতের কর্মী। অন্যদিকে জামায়াতের স্থানীয় নেতারা দাবি করেছেন, আটকরা তাদের সংগঠনের কেউ নন।
আটক ব্যক্তিরা জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের বাসিন্দা।